রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কিংবদন্তি নায়ক জসিমের জন্মদিন আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৫:০২ পিএম

কিংবদন্তি নায়ক জসিমের জন্মদিন আজ

সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শক্তিমান অভিনেতা ও জনপ্রিয় অ্যাকশন নায়ক হিসেবে আলাদা জায়গা করে নেওয়া জসিমের জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন আবুল খায়ের জসিম উদ্দিন, যিনি চলচ্চিত্রে ‘জসিম’ নামেই সর্বাধিক পরিচিতি লাভ করেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও চলচ্চিত্রের মারপিট দৃশ্য পরিচালনাতেও দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন তিনি। মুক্তিযুদ্ধেও তার অংশগ্রহণ ছিল।

চলচ্চিত্রে জসিমের যাত্রা শুরু হয় ১৯৭২ সালে ‘দেবর’ সিনেমার মাধ্যমে। শুরুতে খলনায়ক চরিত্রে অভিনয় করলেও খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের নজর কাড়েন। দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। পরবর্তী সময়ে ‘সবুজ সাথী’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

সত্তর ও আশির দশকে একের পর এক ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে জসিম নিজেকে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অ্যাকশন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার অভিনীত চরিত্রগুলোতে যেমন ছিল শক্তিশালী উপস্থিতি, তেমনি ছিল আবেগ, সংগ্রাম ও সাধারণ মানুষের জীবনের নানা গল্প।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘প্রতিনিধি’, ‘এক মুঠো ভাত’, ‘আসামি হাজির’, ‘মহেশখালীর বাঁকে’, ‘প্রতিজ্ঞা’, ‘ঘরের বউ’, ‘জনি’, ‘অভিযান’, ‘অশান্তি’, ‘নিষ্পাপ’, ‘লালু মাস্তান’, ‘সারেন্ডার’, ‘মাস্তান’, ‘কাজের বেটি রহিমা’, ‘কালিয়া’ ও ‘স্বামী কেন আসামি’সহ আরও বহু চলচ্চিত্র।

১৯৯৮ সালের ৮ অক্টোবর মাত্র ৪৮ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান এই জনপ্রিয় শিল্পী। তার অকালমৃত্যু বাংলা চলচ্চিত্রাঙ্গনে বড় শূন্যতা তৈরি করে। তবে পর্দায় তার অভিনয়, অ্যাকশন দৃশ্য এবং বৈচিত্র্যময় চরিত্র আজও দর্শকদের স্মৃতিতে জীবন্ত।

জসিমের অবদানকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের একটি শুটিং ফ্লোরের নামকরণ করা হয়েছে ‘জসিম ফ্লোর’। অভিনেতা, প্রযোজক, মারপিট দৃশ্য পরিচালক ও মুক্তিযোদ্ধা হিসেবে বহুমাত্রিক অবদান রাখা এই শিল্পী মৃত্যুর বহু বছর পরও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে সমানভাবে স্মরণীয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!