রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাপুরে ফিরছেন মুন্না ভাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৫:০৬ পিএম

মির্জাপুরে ফিরছেন মুন্না ভাই

ফাইল ছবি

জনপ্রিয় ভারতীয় ওয়েব ধারাবাহিক ‘মির্জাপুর’ এবার গল্পের পরিধি বাড়িয়ে হাজির হচ্ছে বড় পর্দায়। দীর্ঘ প্রতীক্ষার পর এই ধারাবাহিকের আলোচিত চরিত্র মুন্না ভাইয়াকে আবারও পর্দায় দেখা যাবে। চরিত্রটিতে আগের মতোই অভিনয় করেছেন দিব্যেন্দু। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মির্জাপুর : দ্য মুভি’।

‘মির্জাপুর’-এর সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় চরিত্রগুলোর একটি মুন্না ভাইয়া। চরিত্রটির রুক্ষতা, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং একই সঙ্গে আবেগপ্রবণ আচরণ দর্শকদের মধ্যে আলাদা জায়গা তৈরি করেছিল। ধারাবাহিকে মুন্না ভাইয়ার পরিণতির পর তার আবার ফিরে আসার খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নতুন সিনেমায় চরিত্রটিতে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে দিব্যেন্দু জানিয়েছেন, মুন্না ভাইয়া হয়ে আবার পর্দায় ফেরাটা তার কাছে নিছক অভিনয়ের আরেকটি কাজ নয়। বরং পুরোনো জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ফিরে যাওয়ার মতো অনুভূতি হয়েছে তার। এই প্রত্যাবর্তনে যেমন আনন্দ রয়েছে, তেমনি চরিত্রটির জনপ্রিয়তার কারণে কিছুটা চাপ ও উদ্বেগও কাজ করছে।

দিব্যেন্দুর ভাষ্য অনুযায়ী, দর্শকরা এবার মুন্না ভাইয়াকে কীভাবে গ্রহণ করবেন, সেটি নিয়ে তার মধ্যে যথেষ্ট কৌতূহল রয়েছে। একই সঙ্গে এত জনপ্রিয় একটি চরিত্রে আবার অভিনয় করে তিনি চরিত্রটির প্রতি যথাযথ সুবিচার করতে পেরেছেন কি না, সেটিও তাকে ভাবাচ্ছে। তবে সবকিছুর ওপরে তিনি মনে করেন, এই প্রত্যাবর্তন মূলত দর্শক ও ভক্তদের জন্যই।

অভিনেতা আরও জানিয়েছেন, নিজের অভিনীত চরিত্রগুলোকে তিনি যতটা সম্ভব বাস্তব ও মানবিকভাবে উপস্থাপন করতে চান। একই ধরনের চরিত্রের মধ্যে নিজেকে আটকে না রেখে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং ভূমিকায় কাজ করার চেষ্টা করেন তিনি। নতুন চরিত্রে ঝুঁকি নেওয়া এবং অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেও তার আগ্রহ রয়েছে।

‘মির্জাপুর : দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং। সিনেমাটিতে দিব্যেন্দুর সঙ্গে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, হর্ষিতা গৌর, শ্রিয়া পিলগাঁওকর, শিবা চাড্ডা ও রাজেশ তৈলাংসহ আরও অনেকে।

ইতোমধ্যে প্রকাশিত প্রচারচিত্রে মুন্না ভাইয়ার উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। ফলে দীর্ঘ অপেক্ষার পর প্রিয় চরিত্রটিকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ‘মির্জাপুর’-এর অনুসারীরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!