প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৫:০৬ পিএম
বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রিয় এই অভিনেতাকে স্মরণ করতে গিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতি ও দীর্ঘদিনের স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি নায়করাজকে শুধু চলচ্চিত্রের একজন সফল অভিনেতা হিসেবে নয়, বরং অভিভাবক, অনুপ্রেরণার উৎস এবং স্নেহের আশ্রয় হিসেবে উল্লেখ করেন।
শাকিব খান জানান, রাজ্জাককে হারানোর নয় বছর পেরিয়ে গেলেও তার শূন্যতা এখনো অনুভব করেন তিনি। ব্যক্তিগত জীবনে নায়করাজের স্নেহ ও সহযোগিতার কথাও স্মরণ করেন শাকিব। তার ভাষ্য অনুযায়ী, রাজ্জাক ছিলেন এমন একজন মানুষ, যিনি সবসময় স্নেহ দিয়ে আগলে রাখতেন, প্রয়োজনের সময় পরামর্শ দিতেন এবং একজন অভিভাবকের মতো পাশে থাকতেন।
নায়করাজের সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণ করে শাকিব বলেন, তাকে হারানোর অনুভূতি ছিল নিজের একজন অভিভাবককে হারানোর মতো। তাই তার মৃত্যুদিনটি শাকিবের কাছে কেবল একজন কিংবদন্তি শিল্পীকে স্মরণ করার দিন নয়, বরং ব্যক্তিগতভাবে অত্যন্ত আবেগের একটি দিন।
শাকিব আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্র যতদিন টিকে থাকবে, ততদিন মানুষের হৃদয়ে নায়করাজ রাজ্জাক বেঁচে থাকবেন। চলচ্চিত্রের ইতিহাসে তার অবদান এবং মানুষের ভালোবাসা তাকে সবসময় স্মরণীয় করে রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। অভিনয়জীবনের শুরুতে ছোট পর্দায় কাজ করলেও পরবর্তী সময়ে চলচ্চিত্রে এসে নিজের অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে রাজ্জাক পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা দেওয়া হয়। ২০১৫ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হন এই কিংবদন্তি শিল্পী। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি মারা যান।



