রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বজুড়ে ২০০ কোটির পথে ‘আওয়ারাপন ২’

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০২:১৪ পিএম

বিশ্বজুড়ে ২০০ কোটির পথে ‘আওয়ারাপন ২’

ফাইল ছবি

মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ধরে রেখেছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’। দ্বিতীয় সপ্তাহের শেষভাগে এসে সিনেমাটির আয় আরও গতি পেয়েছে। ভারতীয় বাজারের পাশাপাশি বিদেশেও ধারাবাহিকভাবে দর্শক টানায় ছবিটির বৈশ্বিক আয় এখন ২০০ কোটি রুপির মাইলফলকের খুব কাছাকাছি।

দ্বিতীয় সপ্তাহের রোববার ভারতে সিনেমাটি ৮ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করেছে। এদিন দেশটিতে ১৩ হাজার ৬৩২টি প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীগুলোতে গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ২১ শতাংশ। এর ফলে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৩৬ কোটি ২৫ লাখ রুপি। দেশটির বাজারে মোট স্থূল আয় পৌঁছেছে প্রায় ১৬২ কোটি ৫০ লাখ রুপিতে।

বিদেশের বাজার থেকেও ছবিটি নিয়মিত আয় করছে। দশম দিনে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির সংগ্রহ হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। এতে বিদেশে মোট স্থূল আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি। ভারত ও বিদেশের আয় মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট স্থূল সংগ্রহ এখন ১৯২ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে আরও প্রয়োজন ৭ কোটি ২০ লাখ রুপি।

দ্বিতীয় সপ্তাহের শুরুতে আয় কিছুটা কম থাকলেও সপ্তাহান্তে চিত্র বদলে যায়। শুক্রবার ভারতে ৫ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করার পর শনিবার সংগ্রহ বেড়ে হয় ৮ কোটি ২৫ লাখ রুপি। এক দিনের ব্যবধানে আয় বেড়েছে প্রায় ৪৩ শতাংশের বেশি।

মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতে সিনেমাটির নিট আয় ছিল ১১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহেও শক্তিশালী অবস্থান ধরে রাখায় ছবিটির ২০০ কোটি রুপি বৈশ্বিক আয় এখন বেশ সম্ভাবনাময় হয়ে উঠেছে।

নিতিন কাক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ সিনেমার পরবর্তী কিস্তি। ছবিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। বিশেষ ভাটের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পুরান গাব্বি, সুভিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমারসহ অনেকে।

দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া অবশ্য মিশ্র। গল্পের কিছু অংশ ও ধীরগতির প্রথম পর্ব নিয়ে আপত্তি থাকলেও ইমরান হাশমির অভিনয় প্রশংসিত হয়েছে। প্রথম সিনেমার আবেগ ও পরিচিত আবহের সঙ্গে নতুন গল্পের সমন্বয়ও দর্শকদের আগ্রহ ধরে রাখতে ভূমিকা রেখেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!