প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৪৩ এএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কোনো বৃহত্তর যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্টারমার জানান, বর্তমান পরিস্থিতিতে ব্রিটেনকে কোনো বিস্তৃত সংঘাতের দিকে ঠেলে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি বলেন, অঞ্চলটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করতে ব্রিটেন কাজ করে যাবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ব্রিটেনসহ মিত্র দেশগুলো যদি মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা দিতে এগিয়ে না আসে, তবে সামরিক জোটের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।
এই প্রসঙ্গে স্টারমার বলেন, ব্রিটেনের নীতি হবে সংযত ও দায়িত্বশীল। তিনি জোর দিয়ে বলেন, ব্রিটেনকে কোনো বড় সংঘাতের মধ্যে টেনে নেওয়া যাবে না এবং দেশের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়ে ট্রাম্পের আহ্বান প্রসঙ্গে স্টারমার জানান, এ বিষয়ে সম্প্রতি তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনে কথা হয়েছে। আলোচনায় প্রণালিটি খুলে দেওয়ার একটি কার্যকর পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়েছে। তবে তিনি স্বীকার করেন, বিষয়টি সহজ নয় এবং এ জন্য মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এগোতে হবে।
স্টারমার আরও বলেন, ব্রিটেনের জাতীয় স্বার্থের জন্য যা সবচেয়ে উপযোগী, সে অনুযায়ীই সরকার সিদ্ধান্ত নেবে।



