প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১১:৫১ এএম
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান-এর ড্রোন হামলায় কুয়েত-এর গুরুত্বপূর্ণ জ্বালানি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির বিদ্যুৎ ও পানি শোধনাগারের একটি অংশে আগুন ধরে যায় এবং উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে।
কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হামলার ফলে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে দেশের বিদ্যুৎ সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানের অব্যাহত হামলায় কুয়েতের বিদ্যুৎকেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কিছু সময়ের জন্য উৎপাদন বন্ধ রাখতে হয়েছে কর্তৃপক্ষকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এর আগে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠে ইরানের বিরুদ্ধে। সাম্প্রতিক দিনগুলোতে কুয়েতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশেও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, চলমান সংঘাতকে ঘিরে অঞ্চলে উত্তেজনা আরও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হামলা চলতে থাকলে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।



