প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০১:১২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের কারণে ব্রেন্ট এবং যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০.১৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডব্লিউটিআই তেলের দাম ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৩.৩১ ডলারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কাই তেলের দাম বৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
হরমুজ প্রণালি চালু করতে ইরানকে সময়সীমা বেঁধে দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



