প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১২:৩৭ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।
আইইএ-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ৮০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়, ফলে এর বিঘ্ন সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলছে।
সংস্থাটি সদস্য দেশগুলোকে দ্রুত জ্বালানি ব্যবহার কমানো ও বিকল্প ব্যবস্থার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। কিছু দেশ ইতোমধ্যে জরুরি ব্যবস্থার অংশ হিসেবে মজুত তেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে আইইএ জানিয়েছে, কৌশলগত মজুত থেকে সরবরাহ বাড়ানো কেবল সাময়িক সমাধান দিতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নৌ-অবস্থান কেন্দ্রিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন থাকায় বৈশ্বিক বাজারে অস্থিরতা বেড়েছে।
অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, তাদের স্থাপনা বা বন্দর লক্ষ্যবস্তু করা হলে উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। ফলে পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।



