রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হান্টাভাইরাসে মৃত্যু বাড়ছে, কেন এত বিপজ্জনক এই ভাইরাস?

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:৩৫ পিএম

হান্টাভাইরাসে মৃত্যু বাড়ছে, কেন এত বিপজ্জনক এই ভাইরাস?

প্রতীকী ছবি

নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে প্রাণঘাতী হান্টাভাইরাস সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস মূলত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়ায় এবং এটি কিডনি ও ফুসফুস—দুই ধরনের মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। ফুসফুসে সংক্রমণ হলে সেটিকে হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম (এইচপিএস) বলা হয়, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

চিকিৎসা তথ্য অনুযায়ী, এই রোগে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। সাধারণত উত্তর ও দক্ষিণ আমেরিকায় এই ধরনের সংক্রমণ বেশি দেখা যায়। বিশ্বজুড়ে প্রতি বছর গড়ে প্রায় ২০০ জন এই রোগে আক্রান্ত হন।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, সংক্রমণের ১ থেকে ৮ সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। শুরুতে জ্বর, ক্লান্তি ও শরীরব্যথা দেখা দেয়, পরে কাশি ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। অনেক ক্ষেত্রে ফুসফুসে তরল জমে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।

সিডিসি আরও জানায়, প্রাথমিক ৭২ ঘণ্টায় রোগ শনাক্ত করা কঠিন হওয়ায় অনেক সময় এটি সাধারণ ফ্লু হিসেবে ভুল বোঝা হয়।

হান্টাভাইরাসের নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা কার্যকর চিকিৎসা এখনো নেই। চিকিৎসা হিসেবে সাধারণত বিশ্রাম, শরীরের তরল নিয়ন্ত্রণ এবং গুরুতর অবস্থায় ভেন্টিলেটরের সহায়তা দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো ইঁদুর নিয়ন্ত্রণে রাখা এবং বসতবাড়ি পরিষ্কার রাখা। ইঁদুরের মল বা শুকনো বর্জ্য পরিষ্কারের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি, কারণ এতে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়তে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!