প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:৫৫ পিএম
একটি বিলাসবহুল প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে তিনজনের মৃত্যু এবং আরও কয়েকজন আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএনের।
এমভি হন্ডিয়াস নামের জাহাজটি বর্তমানে পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থান করছে। জাহাজটিতে প্রায় ১৫০ জন যাত্রী রয়েছেন, যার মধ্যে ১৭ জন আমেরিকান নাগরিকও আছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি প্রস্তুতি ও প্রতিরোধ বিভাগের পরিচালক ড. মারিয়া ভ্যান কারখোভ জানান, কিছু আক্রান্তের মধ্যে খুব ঘনিষ্ঠ সংস্পর্শ ছিল, তাই মানুষ থেকে মানুষে সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সতর্কতামূলকভাবে এ বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
তবে তিনি সাধারণ মানুষের জন্য আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। তার মতে, হান্টাভাইরাস ফ্লু বা কোভিডের মতো সহজে ছড়ায় না এবং সাধারণ জনগণের জন্য ঝুঁকি তুলনামূলকভাবে কম।
জানা যায়, জাহাজটি গত মাসে আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং বিভিন্ন দুর্গম দ্বীপে যাত্রাবিরতি করে।
যাত্রাপথে বেশ কয়েকজন যাত্রী শ্বাসকষ্টজনিত উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে জাহাজ পরিচালনাকারী সংস্থা।
এখন পর্যন্ত দুইটি নিশ্চিত ও পাঁচটি সন্দেহভাজনসহ মোট সাতটি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন মারা গেছেন, যাদের মধ্যে একজন ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিক রয়েছেন। একজন ব্রিটিশ নাগরিক বর্তমানে দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।
আরও দুইজন যাত্রী এখনো উপসর্গ নিয়ে জাহাজে রয়েছেন এবং তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।



