প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১০:১২ এএম
মধ্য আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার (১৭ মে) সংস্থাটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত এক মাসে কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ইবোলার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৪৬ জন রোগী, যাদের মধ্যে আট জনের শরীরে পরীক্ষাগারে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, দ্রুত রোগী শনাক্তকরণ এবং সীমান্ত এলাকাগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।
ইবোলা অত্যন্ত প্রাণঘাতী একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এর প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, দুর্বলতা, বমি, ডায়রিয়া ও রক্তক্ষরণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।



