রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিশ্রমে নয়, ঘুমিয়েই মিলল সেরার পুরস্কার!

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:০৭ পিএম

পরিশ্রমে নয়, ঘুমিয়েই মিলল সেরার পুরস্কার!

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এবার আয়োজন করা হয়েছিল এক ব্যতিক্রমী প্রতিযোগিতা— কে সবচেয়ে গভীরভাবে ঘুমাতে পারেন! নদীর ধারে সবুজ ঘাসের ওপর শুয়ে শতাধিক মানুষ অংশ নেন এই অভিনব ‘ঘুম প্রতিযোগিতা’-তে।

কেউ চোখে রঙিন মাস্ক, কেউ আবার রূপকথার চরিত্র কিংবা ডাইনোসরের পোশাকে হাজির হন। চারপাশে ছিল নিস্তব্ধতা আর ঘুমের নাকডাকার শব্দ। ব্যস্ত ও কর্মচাপে ক্লান্ত নগরবাসীর জন্য একটু স্বস্তির মুহূর্ত তৈরি করতেই এই আয়োজন করে সিউল সিটি করপোরেশন।

প্রতিযোগিতায় অংশ নিতে হলে ঘুমানোর উপযোগী অদ্ভুত পোশাক পরতে হয়েছে, পেট ভরা থাকতে হয়েছে এবং শরীরে থাকতে হয়েছে প্রবল ক্লান্তি। দুপুর ৩টায় সবাই স্লিপিং মাস্ক পরে ঘুমিয়ে পড়েন। আয়োজকরা প্রতিযোগীদের হৃদস্পন্দন মেপে দেখেছেন কে সবচেয়ে গভীর ঘুমে আছেন।

কড়া প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন এক বৃদ্ধ প্রতিযোগী। দ্বিতীয় হয়েছেন ৩৭ বছর বয়সি অফিসকর্মী হোয়াং দু-সং। তিনি জানান, দীর্ঘদিনের নাইট শিফট ও গাড়ি চালানোর ক্লান্তি দূর করতেই এই প্রতিযোগিতায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পার্ক জুন-সক রাজকীয় পোশাক পরে অংশ নিয়ে বলেন, পড়াশোনা ও খণ্ডকালীন কাজের চাপে তিনি দিনে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা ঘুমাতে পারেন।

অন্যদিকে কোয়ালার পোশাক পরে আসা এক নারী জানান, অনিদ্রার সমস্যার কারণে তিনি সহজে ঘুমাতে পারেন না। তাই মজা করেই এমন পোশাক পরে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম কর্মব্যস্ত ও ঘুমবঞ্চিত দেশ। তাই নাগরিকদের মানসিক চাপ কমাতে এই ধরনের আয়োজন এখন ব্যাপক আলোচনায় এসেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!