প্রকাশিত: জুন ২, ২০২৬, ০১:৪৬ পিএম
হজ শুধু একটি ইবাদত নয়, মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ঐক্যের এক অনন্য প্রতীক। এবারের হজ শেষে হাজিদের জন্য বিশেষ উপহারের আয়োজন করেছে সৌদি আরব। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের মধ্যে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের কপি বিতরণ করা হচ্ছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, হজ পালন শেষে নিজ নিজ দেশে ফেরা হাজি ও হজসেবায় নিয়োজিত কর্মীদের মধ্যে এই কুরআন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জ থেকে প্রথম ধাপে বিতরণ কার্যক্রম শুরু হয়।
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মদিনার বাদশাহ ফাহাদ পবিত্র কুরআন মুদ্রণ কমপ্লেক্সে ছাপানো প্রায় ১৯ লাখ কুরআনের কপি বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের মধ্যে বিতরণ করা হবে। এর লক্ষ্য হলো মুসল্লিরা যেন নিজ মাতৃভাষায় আল্লাহর বাণী বুঝতে, অধ্যয়ন করতে এবং তা অনুসরণ করতে পারেন।
এই উদ্দেশ্যে ৮০টিরও বেশি ভাষায় কুরআনের অনুবাদ প্রস্তুত করা হয়েছে, যাতে বিভিন্ন দেশের হাজিরা সহজেই ইসলামি শিক্ষার মূল বার্তা উপলব্ধি করতে পারেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ২৪ ঘণ্টা এই বিতরণ কার্যক্রম চলবে।
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, এই উদ্যোগ বিশ্বজুড়ে পবিত্র কুরআনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।
এদিকে পাসপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
হজ শেষে এই কুরআন উপহারকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্বব্যাপী ইসলামি শিক্ষা ও কুরআনের বার্তা প্রসারের একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।



