প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৯:০১ এএম
যুদ্ধের দীর্ঘ ক্ষত কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিরিয়ার পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ফ্রান্স ও সিরিয়া। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, ব্যাংকিং ব্যবস্থা ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে অনুষ্ঠিত এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান। বৈঠকটি অনুষ্ঠিত হয় দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত সিরিয়া-ফ্রান্স ব্যবসায়িক গোলটেবিল আলোচনায়।
বৈঠকে ইমানুয়েল মাখোঁ বলেন, সিরিয়ার পুনর্গঠন কার্যক্রমকে এগিয়ে নিতে ফ্রান্স আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। দেশটির অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে ব্যাংকিং খাতের উন্নয়ন, জ্বালানি সরবরাহ, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য দেশে স্থিতিশীল ও কার্যকর পরিবেশ তৈরি করা হচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে আইনের শাসন ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, সিরিয়ার উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়ন, বিমানবন্দর উন্নয়ন, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার সংস্কার, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক নিবন্ধন ব্যবস্থার আধুনিকীকরণ।
বৈঠকের পর দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক বিনিয়োগ চুক্তি ও সমঝোতা সম্পন্ন হয়। এর মধ্যে লাতাকিয়া বন্দর উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ সংঘাতের পর সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফ্রান্সের এই উদ্যোগ দেশটির পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ সময় পর ফরাসি কোনো প্রেসিডেন্ট হিসেবে ইমানুয়েল মাখোঁ সিরিয়া সফর করেছেন। এর আগে ২০০৯ সালের পর কোনো ফরাসি রাষ্ট্রপ্রধান দেশটিতে সফর করেননি।



