প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১১:৩৭ এএম
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউক্রেন। ড্রোন প্রযুক্তি উন্নয়ন, যৌথ প্রতিরক্ষা উৎপাদন এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ডেনমার্ক, এস্তোনিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে তিনটি পৃথক চুক্তি করেছে দেশটি।
মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে এসব চুক্তির ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, নতুন এই চুক্তিগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে ইউক্রেনের ড্রোন সহযোগিতা চুক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়টিতে।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, ডেনমার্কের সঙ্গে হওয়া চুক্তি ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে নতুন সুযোগ তৈরি করবে। এর আওতায় দুই দেশের মধ্যে অস্ত্র উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা এবং যুদ্ধক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে।
তিনি বলেন, ইউক্রেনের তৈরি ও যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে অংশীদার দেশগুলো। একই সঙ্গে এসব উদ্যোগ দুই দেশের প্রতিরক্ষা খাতকে আরও ঘনিষ্ঠ করবে।
রাশিয়ার সামরিক অভিযান শুরুর সময় ইউক্রেনের ড্রোন সক্ষমতা সীমিত ছিল। তবে গত কয়েক বছরে দেশটি দ্রুত নিজেদের ড্রোন শিল্পকে আধুনিক করেছে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে নজরদারি, হামলা ও প্রতিরক্ষা কার্যক্রমে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেনের অন্যতম প্রধান লক্ষ্য হলো আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো। বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
তিনি বলেন, ইউক্রেন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে কাজ চালিয়ে যাবে।



