প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৫:৪৩ পিএম
রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনীর সদস্যদের সব ধরনের নিয়মিত ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া কোনো সদস্যকে প্রশিক্ষণ বা অন্য কোনো সরকারি কোর্সে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, নৈমিত্তিক ছুটি, অর্জিত ছুটিসহ সব ধরনের নিয়মিত ছুটি আপাতত স্থগিত থাকবে। তবে বিশেষ জরুরি প্রয়োজন দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে সীমিত পরিসরে ছুটি বিবেচনা করা হতে পারে।
এ ছাড়া পুলিশ কমিশনারের পূর্বানুমতি ছাড়া কোনো সদস্যকে প্রশিক্ষণ, কর্মশালা বা অন্য কোনো সরকারি কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
রাজধানীতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিচার, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।
এর আগে আন্দোলনকারীদের একটি কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শক্ত অবস্থান নেয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
বর্তমান পরিস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের আশা, কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। অন্যদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।



