রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, বেশিরভাগই শিশু

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৭:৪০ পিএম

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, বেশিরভাগই শিশু

সংগৃহীত

মিশরে শ্রমিকবাহী দুটি পিকআপের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশ শিশু শ্রমিক বলে জানা গেছে। তাদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। মর্মান্তিক এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির ইসমাইলিয়া প্রদেশের আল-দাওয়াউইস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই সময় শ্রমিক বহনকারী দুটি পিকআপ একটি সড়কের সংযোগস্থলের কাছাকাছি পৌঁছালে একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় উদ্ধারকারী দল ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়ায়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময় যান চলাচলও ব্যাহত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বহন, যানবাহনের নিয়ন্ত্রণ হারানো কিংবা চালকদের অসতর্কতার কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মিশরে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব দুর্ঘটনায় শিশু ও তরুণদের প্রাণহানির ঘটনাও ঘটছে। বিশেষ করে বিভিন্ন কাজে শিশুদের ঝুঁকিপূর্ণভাবে যানবাহনে বহনের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইসমাইলিয়ার এই দুর্ঘটনা দেশটিতে শিশু শ্রমিকদের নিরাপদ যাতায়াত এবং কর্মস্থলে নেওয়ার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে সড়কে অতিরিক্ত যাত্রী বহন ও ঝুঁকিপূর্ণভাবে শ্রমিক পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!