রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গোল করে সেজদায় সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন আবদেলকরিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৪:৪৮ পিএম

গোল করে সেজদায় সৃষ্টিকর্তাকে  স্মরণ করলেন আবদেলকরিম

সংগৃহীত

ক্যাম্প ন্যুতে নিজের নতুন দলের হয়ে প্রথম গোল করেই অনন্য এক উদযাপনের নজির গড়েছেন মিশরের তরুণ ফুটবলার হামজা আবদেলকরিম। সাবেক ক্লাব আল আহলির বিপক্ষে গোল করার পর সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে না মেতে বরং দর্শক ও পুরোনো ক্লাবের প্রতি সম্মান জানিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন তিনি। এরপর সেজদায় নত হয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বুধবার রাতে প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচে আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে অনুষ্ঠিত জুয়ান গাম্পার ট্রফিও নিজেদের করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচে বার্সেলোনার হয়ে গোল দুটি করেন আবদেলকরিম ও রাফিনিয়া।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ঘরের মাঠে আল আহলির রক্ষণভাগকে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখছিল স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩০ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা।

বাঁ প্রান্ত থেকে আসা পাস বক্সের ভেতরে পেয়ে দ্রুত শট নেন আবদেলকরিম। তার নিখুঁত প্রচেষ্টায় বল জালে জড়ালে এগিয়ে যায় বার্সেলোনা। গোলের পরই তিনি দুই হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন। কারণ, মিশরের এই ক্লাবটির হয়েই তার পেশাদার ফুটবলে পথচলা শুরু হয়েছিল এবং গত জানুয়ারিতে সেখান থেকেই ধারে বার্সেলোনায় যোগ দেন তিনি।

গোল উদযাপনের সেই মুহূর্তে আবদেলকরিমের আচরণ দর্শকদেরও দৃষ্টি কাড়ে। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও তিনি প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় রাখার বার্তা দেন। এরপর সেজদা করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তরুণ এই ফুটবলার।

প্রথমার্ধের শেষ দিকে বার্সেলোনার ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। বক্সের মধ্যে ফাউলের শিকার হওয়ার পর পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে আল আহলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিশরের উইঙ্গার জিজো বক্সের ভেতর থেকে গোল করে ব্যবধান কমান। এরপর দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই ম্যাচের মধ্য দিয়ে নতুন মৌসুম শুরুর প্রস্তুতি শেষ করেছে বার্সেলোনা। আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে দলটি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!