রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:৩৭ পিএম

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালীর এক তরুণ। ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে তিনি ফিফার সভাপতি ও সংশ্লিষ্ট রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাতে নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম থানায় এই অভিযোগ নিয়ে যান।

অভিযোগে রাকিব নিজেকে একজন সাধারণ ফুটবল সমর্থক হিসেবে উল্লেখ করে দাবি করেন, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং এতে বিশ্বজুড়ে থাকা সমর্থকদের আবেগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগে ফিফার সভাপতি, ম্যাচের রেফারি এবং আরও কয়েকজন ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন।

লিখিত অভিযোগে তিনি জানান, গত ৭ জুলাই রাতে স্থানীয় একটি বাজারে বসে এলাকার অন্য ফুটবলপ্রেমীদের সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপের আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখছিলেন। তার অভিযোগ, ম্যাচের শুরু থেকেই রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়।

রাকিবের দাবি, মিশর এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া এবং পরে মিশরের একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়। এছাড়া ম্যাচের শেষ দিকে মিশরের খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত এবং কোচকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়ার বিষয়টিও তিনি অভিযোগে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, এসব সিদ্ধান্তের কারণে মিশর সমর্থকদের মধ্যে মানসিক কষ্ট তৈরি হয়েছে। এ কারণে ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত এ ধরনের অভিযোগ স্থানীয় থানার আইনগত এখতিয়ারভুক্ত নয়। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বিশ্বকাপের ওই ম্যাচের রেফারিং নিয়ে এর আগেও ফুটবল সমর্থকদের মধ্যে আলোচনা ও বিতর্ক দেখা দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!