রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদই ইসরায়েলের লক্ষ্য: তুরস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ১০:৪০ এএম

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদই ইসরায়েলের লক্ষ্য: তুরস্ক

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের পুরোপুরি উচ্ছেদ করাই ইসরায়েলের লক্ষ্য বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই লক্ষ্য বাস্তবায়ন ঠেকাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক চাপ দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার মিসরের আল-আলামেইন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাকান ফিদান। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি ইসরায়েলের বর্তমান নীতির কঠোর সমালোচনা করেন।

ফিদান বলেন, গাজায় ইসরায়েল যে ধরনের নীতি অনুসরণ করছে, তা মানুষের মৌলিক মর্যাদা ও অধিকারকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাঁর অভিযোগ, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় বসবাসরত সাধারণ মানুষের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করেন।

তুরস্কের এই মন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, গাজায় সহিংসতা বন্ধ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিকভাবে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। শুধু বক্তব্য বা আহ্বান নয়, পরিস্থিতি পরিবর্তনে সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।

গাজায় চলমান সংকট মোকাবিলায় তুরস্ক ও মিসরের ভূমিকার কথাও তুলে ধরেন ফিদান। তিনি জানান, সহিংসতা বন্ধ এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় দুই দেশ একসঙ্গে কাজ করছে। এ লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্রের সমর্থিত শান্তি উদ্যোগে যুক্ত হয়েছে।

ফিদানের দাবি, তুরস্ক ও মিসরের সমন্বিত প্রচেষ্টার ফলে গাজায় চলমান প্রাণহানি ও সহিংসতা কিছুটা হলেও কমানো সম্ভব হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য আরও ব্যাপক আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন বলে তিনি মনে করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!