প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৬:৫৬ পিএম
প্রায় নয় মাসের দীর্ঘ মোতায়েন শেষে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। পরিকল্পিত পরিবর্তনের অংশ হিসেবে জর্জ ওয়াশিংটন লিংকনের দায়িত্ব গ্রহণ করবে বলে জানা গেছে।
২০২৫ সালের নভেম্বর থেকে আব্রাহাম লিংকন মোতায়েন রয়েছে। শুরুতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করলেও পরবর্তী সময়ে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে রণতরিটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করায় জাহাজটির নাবিকদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।
নাবিকদের পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘ মোতায়েন, খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং নাবিকদের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকেও তারা জানতে চান, আব্রাহাম লিংকনের নাবিকরা কবে দেশে ফিরতে পারবেন। তবে নিরাপত্তাজনিত কারণে বিমানবাহী রণতরির চলাচলের সুনির্দিষ্ট সময়সূচি সাধারণত প্রকাশ করে না মার্কিন নৌবাহিনী।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকল্পিত দায়িত্ব পরিবর্তনের অংশ হিসেবেই আব্রাহাম লিংকনকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। দীর্ঘ সময়ের মোতায়েনের কারণে নাবিকদের মানসিক সহায়তা বাড়াতে জাহাজটিতে অতিরিক্ত সমাজকর্মী ও পরামর্শদাতা পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে।
সম্প্রতি আব্রাহাম লিংকনের একজন নাবিক জাহাজ থেকে পানিতে পড়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। কীভাবে তিনি পানিতে পড়ে গেলেন, তা এখনো তদন্তাধীন। এর আগে এপ্রিল মাসেও রণতরিটির সঙ্গে থাকা একটি যুদ্ধজাহাজের একজন নাবিক পানিতে পড়ে গিয়েছিলেন। তাকেও নিরাপদে উদ্ধার করা হয়েছিল।
জাহাজে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কিছু সময় বিলম্বের অভিযোগও উঠেছে। নৌবাহিনী স্বীকার করেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে প্রচলিত সরবরাহব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে বর্তমানে রণতরিটিতে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার রয়েছে বলে দাবি করেছে তারা।
এদিকে আব্রাহাম লিংকনের দীর্ঘ মোতায়েন ও নাবিকদের পরিস্থিতি নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রণতরির নাবিক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
অন্যদিকে জাপানের ইয়োকোসুকা ঘাঁটি থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটন গত মে মাসে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টহলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সম্প্রতি এটিকে মালাক্কা প্রণালি হয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা গেছে। মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর রণতরিটি সেখানে অবস্থানরত ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে যুক্ত হবে বলে জানা গেছে।
ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরির উপস্থিতি অব্যাহত থাকছে, তবে দীর্ঘ সময় মোতায়েন থাকা আব্রাহাম লিংকনের নাবিকদের দেশে ফেরার সুযোগ তৈরি হচ্ছে।



