রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ, ইউক্রেনে নিহত ২৭

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৬:৩৯ পিএম

রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ, ইউক্রেনে নিহত ২৭

সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ড্রোন হামলার পর একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। বিস্ফোরণ ও হামলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো এ তথ্য জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) রাতে বুচা জেলায় ওই হামলার ঘটনা ঘটে। হামলায় গুদামের কোন অংশ বা সেখানে কী ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গুদামে ড্রোন হামলার পর সেখানে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকায় আবাসিক ভবনের পাশাপাশি বয়স্কদের সেবার জন্য ব্যবহৃত একটি প্রতিষ্ঠানও রয়েছে।

জেলেনস্কি বলেন, এমন একটি পরিস্থিতি কীভাবে তৈরি হলো এবং কার দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা প্রয়োজন। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, মানুষের বসবাসের এলাকার আশপাশে গোলাবারুদ সংরক্ষণ করা নিষিদ্ধ। তাই গুদামে কীভাবে ওই ধরনের সামগ্রী রাখা হয়েছিল এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হবে।

এদিকে কিয়েভ ও এর আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে রুশ ড্রোন হামলার তীব্রতা বেড়েছে। শুক্রবারের ঘটনার আগে টানা দুই দিন ওই অঞ্চলে একাধিক হামলা চালানো হয়। এসব হামলায় বিভিন্ন স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে।

হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। হতাহতদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং গুদামে কীভাবে এত বড় ধরনের বিস্ফোরণ ঘটল, তা জানতে তদন্ত চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!