প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৫:৩৯ পিএম
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত সবাই সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার ভোরে একটি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই জীবিকার তাগিদে কাতারে কর্মরত ছিলেন।
প্রবাসী বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে ভোরে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের অংশে ছিটকে পড়ে এবং গুরুতর দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাতার ট্রাফিক কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারালো, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় নিহতদের এলাকায় গভীর শোক নেমে এসেছে। কানাইঘাটের গাছবাড়ি গ্রামে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রবাসী এসব শ্রমিকের অকাল মৃত্যুতে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া প্রবাসী কল্যাণ সংগঠনগুলোর প্রতিনিধিরাও দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে জানা গেছে।



