প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৪:২০ পিএম
মার্চের শুরুতেই প্রবাস আয়ে বড় গতি দেখা গেছে। মাত্র দুই দিনেই দেশে এসেছে ৩৭৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২ মার্চ এক দিনেই ১৬২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছর মার্চের প্রথম দুই দিনে এসেছিল ১৮৮ মিলিয়ন ডলার। সেই তুলনায় এবার প্রবৃদ্ধি প্রায় ১০০ শতাংশ।
শুধু মাসের শুরু নয়, চলতি ২০২৫–২৬ অর্থবছরের সামগ্রিক হিসাবও ইতিবাচক। জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত দেশে মোট এসেছে ২২ হাজার ৮৩০ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৮ হাজার ৬৭৮ মিলিয়ন ডলার। অর্থাৎ সামগ্রিকভাবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২২ দশমিক ২ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা ও শ্রমবাজারের পরিবর্তনের মধ্যেও এ ধরনের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে সহায়ক। একই সঙ্গে আমদানি ব্যয় মেটানো ও বিনিময় হার স্থিতিশীল রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাসের শুরুতেই যে গতি তৈরি হয়েছে, তা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে প্রবাস আয়ে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।



