প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৮:০৪ পিএম
ঋণ কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ঈদের পর ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধিদল। জানা গেছে, আগামী ২৪ অথবা ২৫ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।
ঢাকায় আসার আগে রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সময়ে এই কর্মসূচির আকার বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়।
এ পর্যন্ত সংস্থাটির পক্ষ থেকে পাঁচ কিস্তিতে বাংলাদেশ মোট ৩৬৪ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছে। গত ডিসেম্বর মাসে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পাওয়া যায়নি। নতুন করে আলোচনার মাধ্যমে পরবর্তী অগ্রগতি নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



