প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১২:৫৬ পিএম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের ঋণ কর্মসূচি ঘিরে পরবর্তী কিস্তি স্থগিতের যে খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, ঋণ কর্মসূচির কিস্তি স্থগিত বা সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান আলোচনা ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, বিশ্বব্যাংক–আইএমএফের বসন্তকালীন বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের প্রতিনিধি দলের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথম বৈঠকটি হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং তার দলের সঙ্গে। একই দিনে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় সংস্থাটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে।
সরকার জানিয়েছে, আলোচনায় রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারসহ বিভিন্ন বিষয় উঠে আসে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও অধিকাংশ ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কিছু গণমাধ্যমে বৈঠক না হওয়ার যে দাবি করা হয়েছে, তাও সঠিক নয়। বরং নিয়মিত আলোচনার অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় স্বার্থ বিবেচনায় কিছু বিষয়ে নীতিগত অবস্থান তুলে ধরা হয়েছে এবং ভবিষ্যতেও ধারাবাহিক সংলাপ চলবে।



