প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৬:১৯ পিএম
জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে যুদ্ধকালীন বৈশ্বিক পরিস্থিতির কারণে—এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি একটি যুদ্ধকালীন অবস্থার মতো। এ কারণে বিশ্বজুড়ে তেলের দাম সমন্বয় করা হয়েছে এবং বাংলাদেশেও সেই বাস্তবতার প্রভাব পড়েছে।
তিনি বলেন, ‘এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও ৫ ডলার বাড়িয়েছে। আমরা যে তেল আমদানি করে মজুদ করেছি, তার মূল্যের তুলনায় বর্তমান দামে সমন্বয় করা হয়েছে।’
মন্ত্রী আরও জানান, সরকার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ বৈদেশিক মুদ্রা দিয়ে জ্বালানি আমদানি করতে হয়। পরিস্থিতি বিবেচনায় কিছুটা মূল্য সমন্বয় করে বাজারকে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, তেলের দাম বাড়ানো হলেও এখনো সরকার ভর্তুকি দিচ্ছে। যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে এবং এর প্রভাব দেশেও পড়ছে।



