প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:২৩ পিএম
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রথম ধাপের জন্য বরাদ্দ রাখা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য এটি বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।
নতুন বাজেটে শিক্ষাখাতেও বেশ কিছু উদ্যোগ থাকছে। শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পাশাপাশি ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হচ্ছে।
আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া নতুন ভাষা শেখার জন্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
আগামী অর্থবছরের বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
বাজেটে রাজস্ব ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর ৪৮ শতাংশ বৈদেশিক উৎস এবং ৫২ শতাংশ অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
এবার সামাজিক সুরক্ষা খাতে মোট বাজেটের ৩০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বহাল থাকছে। ঋণ ও আমানতের ক্ষেত্রে ৪ লাখ টাকা পর্যন্ত আবগারী শুল্ক মওকুফ করা হয়েছে, যা আগে ৩ লাখ টাকা ছিল।
তবে স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি দেশীয় মদের ওপর প্রতি লিটারে ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হচ্ছে।



