প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৭:০০ পিএম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে নতুন অর্থবছরে বিড়ির দামে কোনো পরিবর্তন আসছে না।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
প্রশ্নে জানতে চাওয়া হয়, বিড়ির খুচরা মূল্যের ওপর বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট কর বাড়িয়ে মূল্য বৃদ্ধি করা হবে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বিড়ির ক্ষেত্রে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাজেটে এ খাতে নতুন কোনো কর বৃদ্ধি বা মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়নি।
এ ঘোষণার ফলে আগামী অর্থবছরেও বর্তমান দামে বিড়ি বিক্রি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।



