প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৮:০৪ পিএম
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেটে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তির নামে একাধিক মোটরগাড়ি থাকলে তাকে পরিবেশ সারচার্জ দিতে হবে। তবে একাধিক গাড়ির মধ্যে যে গাড়িটির ওপর সর্বনিম্ন হারে সারচার্জ প্রযোজ্য হবে, সেটি ছাড়া বাকি গাড়িগুলোর জন্য এই সারচার্জ দিতে হবে।
প্রস্তাব অনুযায়ী, ১৫০০ সিসি পর্যন্ত প্রতিটি গাড়ির জন্য ২৫ হাজার টাকা, ১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ২০০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত দেড় লাখ টাকা, ৩০০০ থেকে ৩৫০০ সিসি পর্যন্ত ২ লাখ টাকা এবং ৩৫০০ সিসির বেশি প্রতিটি গাড়ির জন্য সাড়ে ৩ লাখ টাকা পরিবেশ সারচার্জ দিতে হবে।
গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সারচার্জ আদায় করবে।



