রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফের স্বর্ণের দামে রেকর্ড, ভরি কত?

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১১:৪৬ এএম

ফের স্বর্ণের দামে রেকর্ড, ভরি কত?

ফাইল ছবি

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৮ জানুয়ারি) নতুন মূল্য ঘোষণা করে জানায়, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এটি এখন পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। নতুন এই মূল্য বুধবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হচ্ছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।

সোনার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির হার ভিন্ন হতে পারে।

এর আগে গত ২৬ জানুয়ারি ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ১৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১২ বার দাম বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় হয়, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা, যা রুপার ক্ষেত্রেও সর্বোচ্চ দামের রেকর্ড। চলতি বছরে রুপার দাম ১১ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৮ বার বৃদ্ধি ও ৩ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম পরিবর্তন হয়েছিল ১৩ বার।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!