প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:২৮ এএম
ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমিয়ে স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৬৫ টাকা। এতে দেশীয় পরিমাপে প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।
এছাড়া ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ২০৫ টাকা, যা ভরিপ্রতি হিসেবে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের গ্রামপ্রতি দাম ধরা হয়েছে ১৯ হাজার ৩৫ টাকা, ফলে প্রতি ভরির মূল্য হবে ২ লাখ ২২ হাজার ২৫ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রে প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৬৭৫ টাকা। সে অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের বাজারমূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩২ টাকা।
এর আগে সর্বশেষ ২৯ জানুয়ারি সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। সেদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়।
বাজুস জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে। তবে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ হবে।



