প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:০৯ পিএম
সোনার বাজারে অস্থিরতা থামছেই না। আন্তর্জাতিক বাজারে দামের বড় ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতিতে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি নেমে এসেছে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকায়।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত দাম ওই সময় থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
দাম কমার পেছনের কারণ ব্যাখ্যা করে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন গণমাধ্যমকে জানান, গতকাল আন্তর্জাতিক বাজার বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল এবং চাহিদা তুলনামূলক কম ছিল। এ কারণে রাতেই দাম কিছুটা কমানো হয়। পরে সোমবার আন্তর্জাতিক বাজার চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি আউন্সে প্রায় ২০০ ডলার দরপতন হয়। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈঠকের মাধ্যমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে রোববার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের লেনদেন বন্ধ ছিল। সোমবার বাজার খুলতেই বড় ধরনের দরপতন লক্ষ্য করা যায়। বিশ্বব্যাপী স্বর্ণ ও রুপার দামের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৬৫১ ডলারে। শনিবার লেনদেন শেষে যা ছিল ৪ হাজার ৮৯৩ ডলার। এর আগে শুক্রবার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ৫৫০ ডলারে।
সোমবার সকালে দেশের বাজারে নির্ধারিত নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকায়।
এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি হয়। বৃহস্পতিবার সকালে বাজুস এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ায়। এতে ভালো মানের সোনার ভরি পৌঁছে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে একবারে এত বড় অঙ্কে দাম বাড়ানোর ঘটনাও ছিল নজিরবিহীন।
তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে বাজুস আবার দাম কমানোর ঘোষণা দেয়। সে সময় ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। ফলে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়, যা শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছিল।



