প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:৩৯ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। নতুন এই দাম আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
এর আগে সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি বিকেলে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় প্রতি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা, যা কার্যকর হয় ২ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে।
এই নিয়ে চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৩ বার সমন্বয় করা হলো। এর মধ্যে ১৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৮ দফা কমানো হয়েছে। আর গত ২০২৫ সালে সারা বছরে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার—যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।



