প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৫১ পিএম
ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজন নিয়ে দর্শকের সামনে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। নাচ, গান, হাস্যরস ও নানা পরিবেশনায় সাজানো এই অনুষ্ঠান ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
এবারের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে থাকছেন দুই জনপ্রিয় অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। তাদের উপস্থাপনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব দর্শকদের সামনে তুলে ধরা হবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। এ পর্বে অংশ নেবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী এবং আনিকা কবির শখ। আশির দশক থেকে বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্রের গান ও লোকগানের সঙ্গে বিশেষ নৃত্য পরিবেশনায় তারা মঞ্চ মাতাবেন।
সঙ্গীত পরিবেশনায় থাকছেন কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির এবং ব্যান্ড চিরকুট। তাদের গানে অনুষ্ঠানে যুক্ত হবে ঈদের বিশেষ আমেজ।
এছাড়াও অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় শারীরিক কসরতের প্রদর্শনী। দর্শকদের হাসাতে উপস্থিত থাকবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। পাশাপাশি থাকবে যন্ত্রসঙ্গীত, বিশেষ সঙ্গীত পরিবেশনা এবং সংক্ষিপ্ত নাট্যাংশ।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার। নাচ, গান, কৌতুক ও নানা বিনোদনে সাজানো এই বিশেষ আয়োজন ঈদের দিন রাত ১০টায় বাংলাদেশ টেলিভিশনের পর্দায় সম্প্রচার করা হবে।



