রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে নতুন গান নিয়ে ফিরছেন মিফতাহ জামান

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৮:৫১ পিএম

ঈদে নতুন গান নিয়ে ফিরছেন মিফতাহ জামান

ছবিঃ সংগৃহীত

সমকালীন বাংলা গানের অঙ্গনে নিজস্ব ধারা তৈরি করা শিল্পীদের মধ্যে অন্যতম মিফতাহ জামান। সুরেলা কণ্ঠ আর ব্যতিক্রমী সৃষ্টিশৈলীর জন্য তিনি শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন। এবার ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী।

চাঁদরাতে প্রকাশিত হবে তার নতুন গান ‘অন্য কারও গল্পে’। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি বিভিন্ন সংগীতভিত্তিক মাধ্যমে শোনার সুযোগ থাকবে।

গানটির কথা লিখেছেন কামরুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন মিফতাহ নিজেই। গানটির দৃশ্যায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছেন মোহাম্মদ আশিবুজ্জামান রূপম।

গানটি সম্পর্কে মিফতাহ জানান, এর কথায় একটি গল্পধর্মী আবহ রয়েছে, যা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। তার ভাষায়, গানটির কথা যেন একটি উপন্যাসের অধ্যায়ের মতো, যেখানে নির্দিষ্ট আবেগ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই গল্পভিত্তিক উপস্থাপনাই তাকে সুর করতে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, গানটি তৈরির সময় তিনি ভীষণ উপভোগ করেছেন। কাছের কয়েকজনকে গানটি শোনানোর পর ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি নিজের এই কাজ নিয়ে সন্তুষ্ট বলেও জানান।

‘চির অধরা’খ্যাত এই শিল্পীর নতুন গানটি ঘিরে ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ঈদে এটি শ্রোতাদের জন্য বিশেষ উপহার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!