রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শাকিবের ‘প্রিন্স’ প্রদর্শনে বিশৃঙ্খলা, হল ভাঙচুর ক্ষুব্ধ দর্শক

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৫১ পিএম

শাকিবের ‘প্রিন্স’ প্রদর্শনে বিশৃঙ্খলা, হল ভাঙচুর ক্ষুব্ধ দর্শক

ছবিঃ সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শনের শুরুতেই দেশজুড়ে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। কারিগরি জটিলতা, অনুমোদন সংক্রান্ত সমস্যা এবং নির্ধারিত সময়ে প্রদর্শন ফাইল না পৌঁছানোর কারণে বহু প্রেক্ষাগৃহে শো বাতিল করতে হয়েছে।

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল জানান, নতুন সার্ভার ব্যবস্থার জটিলতা ও প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় দেশের অন্তত অর্ধশতাধিক হলে সকালের শো বন্ধ রাখতে হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সিনেমাটির প্রদর্শন ফাইল নির্ধারিত সময়ের অনেক পরে সরবরাহ করা হয়। ফলে অনেক প্রেক্ষাগৃহের কর্মীরা সময়মতো তা প্রস্তুত করতে পারেননি। যেসব হলে ফাইল পৌঁছেছে, সেখানেও অনুমোদন জটিলতা ও শব্দসংক্রান্ত সমস্যার কারণে প্রদর্শন সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ দর্শকদের একটি অংশ ভাঙচুরে জড়িয়ে পড়ে এবং টিকিটের অর্থ ফেরত নিতে বাধ্য হয়।

বগুড়ার একটি প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন না থাকায় নির্ধারিত শো চালানো যায়নি। একই ধরনের পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে।

এছাড়া সৈয়দপুর ও মাদারীপুরের কয়েকটি প্রেক্ষাগৃহেও একই সমস্যা দেখা দেয়। কোথাও শব্দ সমস্যা, কোথাও আবার ফাইল না থাকায় প্রদর্শন বন্ধ রাখতে হয়। এতে প্রেক্ষাগৃহ মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শুধু একক প্রেক্ষাগৃহ নয়, বড় মাল্টিপ্লেক্সেও নির্ধারিত সময়ে সিনেমার ফাইল না পৌঁছানোয় বিকল্প সিনেমা প্রদর্শন করতে হয়েছে।

প্রেক্ষাগৃহ মালিকদের দাবি, ঈদকে কেন্দ্র করে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দেওয়ার প্রবণতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এ বিষয়ে সিনেমাটির পরিবেশনা ও প্রযোজনা সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!