প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:৩১ পিএম
পাকিস্তানের বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি হানিয়া আমির ও বিলাল আব্বাস খান অভিনীত বহুল আলোচিত ধারাবাহিক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শেষ হয়েছে। প্রায় চার মাস ধরে দর্শকদের মন জয় করার পর গত ২২ মার্চ প্রচারিত হয় এর শেষ পর্ব। ৩৪ পর্বের এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে শূন্যতার অনুভূতি।
ধারাবাহিকে ‘ডা. আয়রা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন হানিয়া আমির। কাজ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দেন তিনি। শুটিংয়ের পেছনের কিছু মুহূর্ত শেয়ার করে তিনি লেখেন, এই যাত্রা ছিল কঠিন, তবে গন্তব্য ছিল প্রিয়—এমন বিদায়ী বার্তায় আবেগাপ্লুত হয়ে পড়েন ভক্তরা।
এই ধারাবাহিকে তার বিপরীতে ‘কামইয়ার’ চরিত্রে অভিনয় করেছেন বিলাল আব্বাস খান। গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর কারণে এটি দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলে।
চিত্রনাট্যকার রাদান শাহ এবং নির্মাতা মুসাদ্দিক মালেকের দক্ষতায় ধারাবাহিকটি ভিন্ন মাত্রা পেয়েছে। পাশাপাশি এর সংগীতও দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। অসীম আজহার ও সাবরি সিস্টার্সের কণ্ঠে গাওয়া শিরোনাম সংগীতটি দীর্ঘদিন শ্রোতাদের শীর্ষ পছন্দের তালিকায় ছিল।
এ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন আলি রেহমান খান, আলী খান, জাভেরিয়া আব্বাসি ও ওয়ার্দা আজিজ। বর্তমানে ধারাবাহিকটির সব পর্ব দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে।



