রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নির্মাতার ঘোষণা, শেষ হচ্ছে আলোচিত ধারাবাহিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:৪৬ এএম

নির্মাতার ঘোষণা, শেষ হচ্ছে আলোচিত ধারাবাহিক

ফাইল ছবি

দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর সমাপ্তি ঘনিয়ে এসেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে নির্মাতা মোস্তফা কামাল রাজ নাটকটির শেষের ঘোষণা দেন। তবে ঠিক কততম পর্বে গিয়ে এর ইতি টানা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পারিবারিক আবহে নির্মিত এই ধারাবাহিকটি স্বল্প সময়েই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, একটি জনপ্রিয় বিদেশি ধারাবাহিক থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করা হয়েছে। গল্পে উঠে এসেছে পরিবার, ভালোবাসা, সম্পর্কের টানাপড়েন ও মমত্ববোধের নানা দিক।

নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং সামির চরিত্রে খায়রুল বাসার। মেহরীন চরিত্রে কেয়া পায়েল ও সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত।

নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, পরিবারই সমাজের মূল ভিত্তি। পরিবারকে ঘিরে বলা গল্প দর্শকের হৃদয়ে সহজেই জায়গা করে নেয়। সেই ভাবনা থেকেই ধারাবাহিকটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, এই নাটকের মাধ্যমে পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের নানা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে দর্শক নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান।

নাটকটির জনপ্রিয়তা প্রসঙ্গে নির্মাতা বলেন, শুরুতেই তিনি ভালো সাড়া পাওয়ার আশা করেছিলেন, তবে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে। এর আগে তার নির্মিত বেশ কয়েকটি ধারাবাহিক জনপ্রিয় হলেও এই নাটকটি সবকিছুকে ছাড়িয়ে গেছে।

নাটকের গানগুলোও দর্শকদের মন জয় করেছে। শিরোনাম সংগীতটি সুর ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর।

এদিকে, সম্প্রতি নাটকটির শেষ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আবেগঘন পরিবেশে শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গে সমাপ্তির ঘোষণা দেন। বর্তমানে ধারাবাহিকটির ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!