প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৬:১০ পিএম
ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের ভক্তদের জন্য আসছে নতুন চমক। তার জন্মদিন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম ঝলক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের কোরবানির ঈদকে সামনে রেখে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সেই সময় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। বর্তমানে মালয়েশিয়ায় চলছে সিনেমাটির শুটিং।
সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। তিনি জানান, শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রথম ঝলক প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছবিতে তাকে একেবারেই ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, চরিত্রটি একজন আধুনিক রক সংগীতশিল্পীর। যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। এই ধারণা থেকেই চরিত্রটি তৈরি করা হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে এ ধরনের চরিত্রে এবারই প্রথম দেখা যাবে শাকিব খানকে।
সিনেমাটির নির্মাণশৈলী, গল্প ও চরিত্র উপস্থাপন—সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা চলছে। চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবে শাকিব খান গিটার বাজানো শিখেছেন বলেও জানা গেছে।
ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন তানজিয়া জামান মিথিলা। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি এর আগে বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে কাজ করেছেন।



