প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:৪০ পিএম
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়-কে ঘিরে সাম্প্রতিক সময়ের নানা বিতর্ক ও অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। তামিলনাড়ুর তিরুনেলভেলি-তে এক জনসভায় দেওয়া বক্তব্যে এসব ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছেন এই অভিনেতা।
তিনি বলেন, তার বিরুদ্ধে একের পর এক যে বিতর্ক তৈরি হচ্ছে, তা স্বতঃস্ফূর্ত নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো ছড়ানো হচ্ছে। করুরের পদদলন ঘটনার দায়ও তার ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে সাধারণ মানুষের সমর্থন তার পাশে থাকায় এসব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলেও জানান বিজয়।
নিজের ভাষায়, প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে তাকে দুর্বল করতে নানা ইস্যু তৈরি করছে। সব ঘটনার জন্য তাকে দায়ী করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এটিকে পরিকল্পিত আক্রমণ হিসেবে আখ্যা দেন।
এদিকে, তার আসন্ন চলচ্চিত্র জন নায়াগান মুক্তি নিয়েও সংশয় তৈরি হয়েছে। অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব হওয়াকে সন্দেহজনক বলে মনে করছেন তিনি। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ছবিটি আটকে দেওয়া হচ্ছে। এমনকি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগেও বাধা সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেন এই তারকা।
ব্যক্তিগত জীবনেও ঝড়ের মুখে পড়েছেন বিজয়। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের পর তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে জানা গেছে। এ খবরে ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এ ছাড়া অভিনেত্রী তৃষা কৃষ্ণন-কে ঘিরেও নানা গুঞ্জন ছড়িয়েছে। একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও বেড়েছে। যদিও এসব বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও বিজয়ের বক্তব্যে ইঙ্গিত মিলেছে—এগুলোও পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।
তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনের ঠিক আগে এসব গুজব ছড়ানো হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখ্য, ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে অংশ নিচ্ছেন বিজয়। কোনো জোটে না গিয়ে এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
সব বিতর্ক ও চাপের মাঝেও নিজের অবস্থানে অটল এই তারকা বলেন, কোনো শক্তিই তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। জনগণের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।



