প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:৫৬ পিএম
মুক্তির আগেই বড় ধরনের ধাক্কা খেল দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গণ’। ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য ও একটি গানের অংশ অনলাইনে ফাঁস হয়ে গেছে।
প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সিনেমার শুরু, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য, একটি গানের অংশ এবং কারাগারের একটি দৃশ্য দেখা যায়। ওই দৃশ্যে তাঁকে বন্দীর পোশাকে কোদাল হাতে দেখা গেছে। পরবর্তীতে একটি অ্যাকশন দৃশ্যের অংশও ফুটে ওঠে।
ভিডিওটি দ্রুত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লেও এটি ঠিক কোথা থেকে ফাঁস হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি পুরো সিনেমা ফাঁস হওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে, যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
‘জন নায়গণ’ সিনেমাটি বিশেষভাবে আলোচিত, কারণ এটিকে থালাপতি বিজয়ের শেষ অভিনীত চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিনয় থেকে সরে গিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটি তাঁর বিদায়ী সিনেমা বলে প্রচার রয়েছে।
ফলে ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে এই ফাঁসের ঘটনায় অনেকে হতাশা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সিনেমাটি আগে ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির কথা থাকলেও আইনি জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়।



