প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:৫৫ পিএম
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় নতুন করে আইনি জটিলতায় জড়িয়েছেন। চেন্নাই পুলিশ তাঁর বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্যের অভিযোগে মামলা দায়ের করেছে।
জানা গেছে, বিজয়কে নির্ধারিত একটি স্থানে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও তিনি চেন্নাইয়ের টি নগর, থাউজ্যান্ড লাইটস ও এগমোরসহ একাধিক এলাকায় বিশাল রোড শো করেন। এতে তাঁর হাজার হাজার সমর্থক অংশ নিলে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশের দাবি, নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে এই মামলা করা হয়েছে। এতে বলা হয়, অনুমতি ভেঙে জনসমাগম ও শোভাযাত্রা আয়োজন করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতার একটি ধারায় দায়ের করা মামলায় বিজয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের একাধিক নেতাকেও আসামি করা হয়েছে। শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা নথিভুক্ত হয়েছে বলেও জানা গেছে।
এর আগে সিনেমা মুক্তির আগেই পাইরেসির শিকার হয়ে আলোচনায় আসেন এই তারকা। এখন রাজনৈতিক কর্মসূচি ঘিরে নতুন বিতর্কে তাঁর নাম আবারও সামনে এসেছে।
এ বিষয়ে এখনো থালাপতি বিজয় বা তাঁর দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



