প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০১:১৪ পিএম
দীর্ঘদিনের অপেক্ষা এবং ছাড়পত্র সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির পথে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপথি বিজয়ের বহুল আলোচিত চলচ্চিত্র ‘জন নায়গন’। রাজনৈতিক অ্যাকশনধর্মী এই ছবিটি আগামী ৮ মে ২০২৬ তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর এটিই হতে যাচ্ছে বিজয়ের অভিনীত শেষ চলচ্চিত্র। ফলে তার ভক্তদের মধ্যে সিনেমাটি ঘিরে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিচালনা করেছেন এইচ বিনোথ, যেখানে বিজয়কে একজন সাবেক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।
চলচ্চিত্রটিতে প্রতিপক্ষ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল এবং প্রধান নারী চরিত্রে রয়েছেন পূজা হেগড়ে। এছাড়া আরও অভিনয় করেছেন মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ ও প্রিয়ামণির মতো পরিচিত শিল্পীরা।
এই চলচ্চিত্রটি মূলত ২০২৬ সালের পোঙ্গল উৎসবকে কেন্দ্র করে মুক্তির কথা ছিল। তখনই অগ্রিম টিকিট বিক্রিতে বড় অঙ্কের সাফল্য পেয়েছিল। তবে ছাড়পত্র জটিলতার কারণে শেষ মুহূর্তে মুক্তি পিছিয়ে যায়।
সম্প্রতি ছবির কিছু অংশ অনলাইনে ছড়িয়ে পড়ায় আয় নিয়ে শঙ্কা দেখা দিলেও সংশ্লিষ্টরা মনে করছেন, বিজয়ের জনপ্রিয়তা সব বাধা অতিক্রম করবে।
এদিকে ছবিটি তামিলনাড়ুর নির্বাচন ফলাফলের সময়ের কাছাকাছি মুক্তি পাচ্ছে। ফলে রাজনৈতিক প্রভাবও এর ব্যবসায়িক সাফল্যে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে, বিদায়ী চলচ্চিত্র হিসেবে ‘জন নায়গন’ বড় পর্দায় নতুন ইতিহাস গড়তে পারে কি না—তা নিয়েই এখন দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।



