প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৩:৫১ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আরমান-মুক্তি পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় চিত্রনায়িকা নূতন। নির্বাচনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য হিসেবে তিনি শিল্পীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ের কথা তুলে ধরেছেন।
নূতনের ভাষ্য, শুধু সমিতিকে ঘিরে আলোচনা কিংবা সমালোচনা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। শিল্পীদের বাস্তব সমস্যার সমাধান এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, অতীতেও সমিতির প্রয়োজন হলে তিনি পাশে দাঁড়িয়েছেন। তবে অনেক সময় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বিজয়ের পর আর বাস্তবায়ন হয় না। এমন সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য।
তিনি বলেন, একজন প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তার দায়িত্ব আরও বেড়ে যায়। তাই কথার চেয়ে কাজের মাধ্যমে শিল্পীদের আস্থা অর্জন করতে চান তিনি। প্রতিশ্রুতি রক্ষা না করার প্রবণতাকে তিনি নেতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, নিজের অবস্থান সবসময় স্পষ্টভাবে তুলে ধরতে তিনি বিশ্বাসী। অনেকেই তাকে কঠোর মনে করলেও তিনি মনে করেন, সত্য ও দায়িত্বের প্রশ্নে আপস না করাই একজন নেতৃত্বের গুণ।
নূতন আরও বলেন, দেশের বাইরে অবস্থান করা কিংবা কাজের অভাবে পিছিয়ে পড়া শিল্পীদের বিষয়েও সমিতির দায়িত্ব রয়েছে। তাদের জন্য নতুন কর্মপরিবেশ সৃষ্টি, চলচ্চিত্র নির্মাণে গতি ফিরিয়ে আনা এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে আবারও কর্মচাঞ্চল্যে ভরিয়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। নিয়মিত চলচ্চিত্র নির্মাণ বাড়লে নতুন ও পুরোনো—উভয় প্রজন্মের শিল্পীর জন্য কাজের সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।
তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা তার ওপর আস্থা রাখবেন এবং নির্বাচিত হওয়ার সুযোগ দিলে তিনি ব্যক্তিগত স্বার্থ নয়, শিল্পীদের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।



