প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:২৩ পিএম
বিশ্বকাপের মঞ্চ থেকে ব্রাজিলের বিদায় কোটি কোটি সমর্থকের মতোই ব্যথিত করেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে। প্রিয় দলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা প্রকাশ করে তিনি জানিয়ে দিয়েছেন, জয়-পরাজয় যাই আসুক না কেন, ব্রাজিলের প্রতি তার ভালোবাসা কখনো কমবে না।
সোমবার ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন তটিনী। ছবিতে তাকে এক হাতে চোখ আড়াল করে আবেগময় ভঙ্গিতে দেখা যায়। সেই ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি স্পষ্ট করে জানান, দলের সুসময় কিংবা দুঃসময়—সব সময়ই তিনি ব্রাজিলের পাশে থাকবেন। তার ভাষায়, ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, বরং হৃদয়ের গভীরে স্থান করে নেওয়া এক ভালোবাসার নাম, যা চিরকাল অটুট থাকবে।
ছবিটি প্রকাশের পর তার অনুসারীদের অনেকেই মন্তব্যের মাধ্যমে ব্রাজিলের বিদায়ে হতাশা প্রকাশ করেন। তটিনী নিজেও কান্নার প্রতীক ব্যবহার করে নিজের অনুভূতির প্রকাশ করেন, যা তার প্রিয় দলের প্রতি গভীর আবেগেরই প্রতিফলন।
চলতি বিশ্বকাপের শেষ ষোলো পর্বে নরওয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ আটে জায়গা করে নেওয়ার লক্ষ্য থাকলেও সেই স্বপ্ন পূরণ হয়নি। নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে।
এই পরাজয় শুধু ব্রাজিলের খেলোয়াড়দের জন্যই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সমর্থকের কাছেও ছিল অত্যন্ত হতাশার। সেই তালিকায় রয়েছেন তটিনীও। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, একটি হারে সমর্থনের সম্পর্ক বদলে যায় না। প্রিয় দলের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস ও সমর্থন আগের মতোই অবিচল থাকবে। তার এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।



