রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—কার্লোসকে কাবার ইমাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৫:১৩ পিএম

‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—কার্লোসকে কাবার ইমাম

সংগৃহীত

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি। তবে পরে সেই পোস্টটি সরিয়ে বা পরিবর্তন করে দেন তিনি। এ ঘটনায় কার্লোসের ইসলাম গ্রহণের দাবিকে ঘিরে আলোচনা আরও বেড়েছে।

প্রথম পোস্টে ইয়াসির আদ-দোসারি কার্লোসকে উদ্দেশ করে তাকে ‘রহমতের ধর্মে’ স্বাগত জানান। একই সঙ্গে তার জন্য দোয়া করেন তিনি। আল্লাহ যেন কার্লোসকে ইসলামের ওপর অটল রাখেন, তার অন্তরে হেদায়েত দান করেন এবং ইসলাম গ্রহণে বরকত দেন—এমন প্রার্থনাও করা হয় ওই বার্তায়।

তবে পরদিন তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আগের পোস্টটি আর দেখা যায়নি। পোস্টটি পরিবর্তন বা সরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে তিনি প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

এর আগে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে আসে তুরস্কের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আলি শাহিনের একটি বক্তব্যের মাধ্যমে। তিনি জানান, ব্রাজিল সফরের সময় স্থানীয় মুসলিম প্রতিনিধিদের কাছ থেকে এ বিষয়ে তথ্য পেয়েছেন। তার দাবি, ব্রাজিলের ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে কার্লোস ইসলাম গ্রহণ করেন।

আলি শাহিনের ভাষ্য অনুযায়ী, প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে এক সাক্ষাতের সময় রবার্তো কার্লোস কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে কার্লোস নিজে এখন পর্যন্ত প্রকাশ্যে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এ কারণে কার্লোসের ধর্মান্তরের খবরটি এখনো নিশ্চিত তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। অন্যদিকে কাবার ইমামের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো এবং পরে সেই বার্তা পরিবর্তন করার ঘটনা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

ফুটবলজগতে রবার্তো কার্লোস অত্যন্ত পরিচিত একটি নাম। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি দীর্ঘ সময় আন্তর্জাতিক ফুটবলে আলোচিত ছিলেন তিনি। তাই তার ধর্ম পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবলপ্রেমী ও মুসলিমদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!