প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ১১:১৫ এএম
মার্ভেল চলচ্চিত্রজগতের অন্যতম জনপ্রিয় মুখ রবার্ট ডাউনি জুনিয়র আবারও ফিরছেন সেই পরিচিত জগতে। তবে এবার তাকে দেখা যাবে না টনি স্টার্ক বা আয়রন ম্যানের ভূমিকায়। দীর্ঘ বিরতির পর নতুন চরিত্রে পর্দায় ফিরছেন তিনি, আর সেই চরিত্রটি মার্ভেলের অন্যতম শক্তিশালী খলনায়ক ডক্টর ডুম।
টনি স্টার্ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে রবার্ট ডাউনি জুনিয়র বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এক দশকেরও বেশি সময় ধরে আয়রন ম্যান চরিত্রটি তার অভিনয়জীবনের অন্যতম পরিচিত পরিচয় হয়ে ওঠে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ টনি স্টার্কের গল্পের সমাপ্তি ঘটে। এরপর থেকেই ভক্তদের মধ্যে তার মার্ভেল জগতে ফেরার প্রত্যাশা ছিল।
এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করবেন রবার্ট। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নতুন চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, আয়রন ম্যানের তুলনায় ডক্টর ডুম চরিত্রটিই বর্তমানে তার কাছে বেশি আকর্ষণীয়। কারণ, এই চরিত্রের মাধ্যমে তিনি সহশিল্পীদের সঙ্গে ভিন্ন ধরনের অভিনয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
ছবিটি পরিচালনা করছেন অ্যান্টনি ও জো রুশো। কাহিনিতে ডক্টর ডুমের মুখোমুখি হবে মার্ভেল জগতের একাধিক জনপ্রিয় নায়ক। শুধু একটি জগত নয়, গল্পের বিস্তার ঘটবে একাধিক মহাবিশ্বজুড়ে। ফলে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।
রবার্ট ডাউনি জুনিয়র ছাড়াও ছবিতে থাকছেন ক্রিস হেমসওর্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাসকাল, পল রাড, ফ্লোরেন্স পিউ, ভ্যানেসা কার্বি, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডলস্টন, চ্যানিং ট্যাটাম ও প্যাট্রিক স্টুয়ার্টসহ আরও অনেক তারকা।
ছবিটি আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। একই সময়ে ‘ডুন ৩’ মুক্তির পরিকল্পনা থাকায় বছরের শেষ দিকে বড় দুই চলচ্চিত্র সিরিজের মধ্যে দর্শক আগ্রহ ও ব্যবসায়িক প্রতিযোগিতা দেখার অপেক্ষায় রয়েছে চলচ্চিত্রপ্রেমীরা।



