প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:২৯ পিএম
আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে একই দিনে বগুড়ায় এ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনী তফসিল বিবেচনায় সেখানে কোনো সরকারি কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, উপনির্বাচনের সময়সূচি মাথায় রেখে ১০ মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন ভেন্যু নির্ধারণের মাধ্যমে নির্ধারিত দিনেই কার্যক্রম শুরু করা হচ্ছে।



