প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:২৭ পিএম
দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোর মতো পরিস্থিতিও সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কোথাও পণ্যের সরবরাহে চাপ বা মূল্যবৃদ্ধি দেখা দিলেও দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
রোববার চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করছে। তিনি দাবি করেন, গত পনেরো থেকে বিশ বছরের তুলনায় এবারের রমজানে ভোজ্যপণ্যের বাজার সবচেয়ে বেশি স্থিতিশীল ছিল।
তিনি আরও বলেন, রোজার শুরুতে কিছু কৃষিপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। তবে সরকারের কঠোর নজরদারির কারণে ব্যবসায়ীরা তা বাস্তবায়ন করতে পারেননি। ভবিষ্যতেও বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার সতর্ক থাকবে বলে জানান তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী রমজানে দেশের ব্যবসায়ীরা সৌদি আরবের ব্যবসায়ীদের মতো লাভের অতিরিক্ত চিন্তা না করে মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে ব্যবসা করবেন।
এ সময় তিনি জানান, রমজানের পর পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের বড় পার্থক্যের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবীকে অন্তর্ভুক্ত করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার সরাসরি নিয়ন্ত্রণ করা সরকারের কাজ নয়; বরং বাজার যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ভোজ্যপণ্য পৌঁছাতে পারলে ব্যবসায়ীরাও জনগণের সন্তুষ্টির অংশীদার হবেন।
সভায় বাণিজ্য সচিব মাহাবুবুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এবং খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



